
মীর সাজু, চরফ্যাশন থেকে:ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডে চান মিয়া দালাল ওরফে পদুল্লাহ মিয়ার বাড়িতে নেশা খাইয়ে সংঘবদ্ধ চোরচক্রের ভয়াবহ চুরি সংঘটিত হয়েছে। রবিবার গভীর রাতে বাড়ির সবাইকে অজ্ঞান করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরেরা। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
বাড়ির ছেলে সোহাগ ওরফে খোকন জানান,
“মনে হয় ব্যাপারটা আগে থেকেই পরিকল্পিত ছিল। দুপুরে খাবার খাওয়ার পর থেকেই সবাই ঘুম ঘুম ও ক্লান্ত লাগছিল। ভাবছিলাম শরীর খারাপ। পরে জানি বাড়ির সবাই একই রকম অবস্থায়। রাত ১২টা পর্যন্ত কেউ জেগে ছিল, কেউ ঘুমাচ্ছিল। রাত দেড়টার দিকে মায়ের চিৎকারে দেখি চোর চোখের সামনে দিয়ে দৌড়ে পালাচ্ছে। অন্ধকারে দৌড়েও ধরতে পারিনি।”
ঘরে ফিরে তিনি দেখতে পান—আলমারি ভেঙে দুইটি সোনার চেইন (মূল্য সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকা), দুইটি সোনার আংটি, দুইটি মোবাইল ফোন, মায়ের পুরোনো গহনা এবং নগদ ১ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়ে গেছে। সর্বমোট ৭-৮ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে পরিবারটি জানায়।
অসুস্থ বৃদ্ধ পিতা নুরুল ইসলাম হাসপাতালে বলেন,
“আমাগোর ভাতের সাথে নেশা খাইয়াইছে। পরে গভীর রাতে অজ্ঞান হয়ে পড়ি। তারপর সব চুরি করে নিয়াই গেছে।”
বৃদ্ধা মা ছায়েরা বিবি কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“রাত ১২টা পর্যন্ত আতংকে জেগে ছিলাম। আল্লাহর নাম নিতে নিতে ঘুমাইয়া পড়ছিলাম। হঠাৎ বিকট শব্দে দেখি খালি গায়ে দুইটা লোক আলমারির সামনে। একজন মাল নিচ্ছে, আরেকজন দাঁড়ায়ে। আমি চিৎকার দিলে তারা দৌড় দিয়া পালাইছে।”
ঘটনার পর সোমবার (২৪ নভেম্বর) খোকন বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন,
“চুরির ঘটনার বিষয়ে অবগত আছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।