
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা : ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, সম্মিলিত উদ্যোগে কাজ করলে কেরানীগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ নির্মূলে সবাইকে একযোগে কাজ করতে হবে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মেধা পুরস্কার–২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ ও সাভার উপজেলার ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ১০৩ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ও মেধা পুরস্কার বিতরণ করা হয়।
আমানউল্লাহ আমান বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড।” তিনি দাবি করেন, শিক্ষাক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি আরও বলেন, তারেক রহমান–এর নির্দেশনায় বিএনপি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।
গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ থাকা জরুরি। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের কথা তুলে ধরেন।
সংসদ সদস্য বলেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদক একটি ব্যক্তি নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে—এ কথা উল্লেখ করে তিনি মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, কেরানীগঞ্জে কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজের স্থান হবে না; দলীয় পরিচয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শিক্ষিত ও মেধাবী তরুণ প্রজন্ম। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।বেগম খালেদা জিয়াই এদেশে নারী শিক্ষার বিপ্লব ঘটিয়েছেন। তিনি নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তিসহ অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন। তারেক রহমানের নির্দেশে সারাদেশে পাঁচ বছরে ২৫কোটি গাছের চারা রোপন করা হবে।প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই অসহায়দের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন। আগামীতে কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড বিতরণ করবেন। দীর্ঘ ১৭ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবার খাল কাটা কর্মসূচি শুরু হয়েছে। খালকাটা কর্মসূচি সফল হলে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হবে। তিনি আজ দুপুরে কেরানীগঞ্জের আটি ভাওয়াল স্কুল এন্ড কলেজ মাঠে ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত সকল প্রাইমারি, হাই স্কুল ও কলেজের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমান আরো বলেন, গণতন্ত্র আছে এবং ভবিষ্যতেও থাকবে। গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নাই। প্রতি পাঁচ বছর পর পর এদেশে নির্বাচন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা,কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।