
উত্তরা প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) স্থানীয় একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী, উত্তরা পশ্চিম থানার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা সেক্রেটারি ফিরোজ আলম। এতে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও উত্তরা পশ্চিম থানা আমির মো. মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা নায়েবে আমির মকবুল হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক মহানগরী উত্তর সভাপতি তারেক হাসান, থানা কর্মপরিষদ সদস্য মশিউর রহমান, মো. সোহেল হোসেন, আবু সাইদসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ভাষা শহীদসহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আদর্শভিত্তিক সমাজ গঠনে শৃঙ্খলা, সাংগঠনিক ঐক্য ও যুবসমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি আন্দোলনের প্রতিটি পর্যায়ে নেতৃত্বের নির্দেশনা অনুসরণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।