
মোঃ মিজানুর সরকার(জেলাপ্রতিনিধি,টাঙ্গাইল):
টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার রুহুলি গ্রামে সাম্প্রতিক শিয়াল আতঙ্কে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ। গত মঙ্গলবার থেকে শুক্রবার (২৮ নভেম্বর) পর্যন্ত বিভিন্ন স্থানে শিয়ালের আক্রমণে অন্তত ৫–৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত সবাই দ্রুত হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় বেসিক ভ্যাকসিন গ্রহণ করেছেন। একের পর এক শিয়ালের আক্রমণের ঘটনায় রুহুলি ও আশপাশের এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি সতর্কবার্তা দিয়ে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন—
শিয়ালের আক্রমণে কিছু মানুষ ও গৃহপালিত প্রাণীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাই নির্জন পথে একা চলাফেরা থেকে বিরত থাকা এবং সর্বদা সতর্ক থাকা জরুরি।
তিনি আরও বলেন,
“কেউ শিয়ালের কামড়ে আক্রান্ত হলে কোনো ধরনের দেরি না করে দ্রুত নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
উপজেলা নির্বাহী অফিসার জরুরি প্রতিকার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য পৌরসভা, বন বিভাগ, স্বাস্থ্য বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সরকার বিভাগকে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এছাড়াও তিনি সামাজিক সচেতনতা তৈরিতে সকলের সহযোগিতা কামনা করেন।
সচেতনতা ও সতর্কতাই পারে ভুঞাপুরের এই শিয়াল আতঙ্ক থেকে ঝুঁকি কমাতে—এমন মত সংশ্লিষ্টদের।