
মীর সাজু, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে শশীভূষণ মানবিক হেল্প সেল শাখার আয়োজনে মাদকবিরোধী র্যালি, লিফলেট বিতরণ এবং জনসচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের মৃধা বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের দপ্তর সম্পাদক মাহবুব কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান, সভাপতি মো. বিল্লাল মাষ্টার, সহ-সভাপতি অধ্যাপক বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বাচ্চু এবং সদস্য জাফর মাষ্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম শামিম, সহ-সভাপতি হাজী ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক নূরনবী মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল সিকদার, প্রচার সম্পাদক মামুন হাওলাদার, সদস্য জাকির ফরাজি, জাহাঙ্গীর, যুবনেতা মো. হারুনুর রসিদ এবং স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সোহেব হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, ধূমপান, গাঁজা, ইয়াবা ও অন্যান্য নেশাজাতীয় মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদক সেবনে ক্যান্সার, হৃদরোগ, মানসিক সমস্যা, স্মৃতিশক্তি হ্রাস, লিভার–কিডনি ক্ষতিসহ নানা জটিলতা ও সামাজিক অস্থিরতার ঝুঁকি বাড়ে। তাই পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টাই পারে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।
অভিভাবকদের উদ্দেশে বক্তারা সন্তানদের আচরণ, চলাফেরা, বন্ধুমহল ও অযথা স্মার্টফোন ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তারা বলেন, নৈতিক শিক্ষা, পারিবারিক সুষ্ঠু পরিবেশ ও দায়িত্বশীলতা—এই তিনটি উপাদানই ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও নিরাপদ জীবনে এগিয়ে নিতে সহায়তা করবে।