
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে এবং ভোট ঠেকানোর সব চেষ্টাই ব্যর্থ হবে। জনগণ গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ, তাই কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
রবিবার (৯ নভেম্বর) বিকাল ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কিছু মহল ইচ্ছাকৃতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তারা জানে, সুষ্ঠু নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তাই বিভ্রান্তি ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে।
তিনি আরও বলেন, বিএনপির গণজোয়ার এখন গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই জনসমর্থন দেখেই ষড়যন্ত্রকারীরা আতঙ্কিত। তবে যত বাধাই আসুক, নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং জনগণই তাদের পছন্দের সরকার গঠন করবে।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের দিকনির্দেশনায় দীর্ঘ ১৬ বছরের আন্দোলন দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য। রক্ত ও ত্যাগের এই ইতিহাস বৃথা যাবে না।”
ব্যক্তিগত রাজনৈতিক জীবনের প্রসঙ্গে তিনি বলেন, “আমার রাজনীতির ৪৭ বছরে আমি দলের সঙ্গে কখনো বেইমানি করিনি বলেই আজ আমি বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছি।”
সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।