
নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ১ নভেম্বর — রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা উচ্চারটেকে শনিবার রাত ৮টায় বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি’ সম্পর্কে আলোচনা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ছাড়াও শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। বৈঠকের প্রধান অতিথি ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু, এবং সভাপতিত্ব করেন ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ কামরুজ্জামান শরিফ।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হেলাল তালুকদার বলেন, “ইসলাম শান্তির ধর্ম এবং দেশের মানুষ শান্তিই চায়; তাই কেউ দেশের শান্তি নষ্ট করার অপচেষ্টা করবে না। জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার হলে ১৯৭১ সালের মীরজাফরদেরও বিচার করতে হবে।” তিনি আরও বলেন, “আশকোনায় চাঁদাবাজদের আমরা বয়কট করব— বিএনপিতে চাঁদাবাজের কোনো স্থান নেই। কেউ চাঁদাবাজি করলে স্থানীয়রা জানালে আমরা আইনগত ব্যবস্থা নেব।”
‘রাষ্ট্র মেরামতের’ ৩১ দফা কর্মসূচি প্রসঙ্গে হেলাল তালুকদার বলেন, “ক্ষমতায় গেলে বিএনপি মা-বোনদের পূর্ণ অধিকার ও সুরক্ষা নিশ্চিত করবে, কৃষকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দলকে ক্ষমতায় আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
বৈঠকের এক পর্যায়ে আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয় শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। স্থানীয় নেতারা বলেন, এই উঠান বৈঠক ছিল জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে আরও শক্তিশালী করার অংশ, যা দক্ষিণখান অঞ্চলে বিএনপির সংগঠনগত ভিত্তি আরও মজবুত করবে।