
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী ভূতের আড্ডা রেস্তোরা ও পার্টি সেন্টারে শনিবার (১ নভেম্বর) দুপুর ১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম (BNVJF)-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান, এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান সেগুন ও আফাজ উদ্দিন আফাজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কামরুল হাসান বাবলু এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য সচিব এবিএম মনিরুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, ভার্চুয়াল সাংবাদিক ফোরাম তথ্যপ্রযুক্তির এই যুগে জাতীয়তাবাদী গণমাধ্যমকর্মীদের একত্রিত করবে, যা সত্য ও ন্যায়ভিত্তিক সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি আমিনুল হক তাঁর বক্তব্যে বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ আমাদের জন্য এক গৌরবের মুহূর্ত। আজকের ডিজিটাল যুগে সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে। তথ্যের সঠিকতা ও সত্য সংবাদ প্রচারে সবাই যেন দায়িত্বশীল ভূমিকা রাখে, সেটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এই সংগঠন হবে সত্য, দেশপ্রেম ও গণতন্ত্রের পক্ষে শক্তিশালী কণ্ঠস্বর। সমাজে গঠনমূলক সাংবাদিকতা চর্চায় এটি নতুন দিগন্ত খুলে দেবে।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।