
উত্তরা প্রতিনিধি: ঢাকা-১৮ আসনের সম্মানিত নাগরিকবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন কামরুল হাসান। বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের প্রার্থীকে প্রায় সোয়া এক লক্ষ ভোট দিয়ে যে বিপুল সম্মান ও সমর্থন জানানো হয়েছে, তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
বিবৃতিতে কামরুল হাসান বলেন, তুলনামূলকভাবে নতুন ও কম পরিচিত প্রার্থী হওয়া সত্ত্বেও জোটের প্রতি আস্থা রেখে ঢাকা-১৮বাসী যে বিপুল ভোট দিয়েছেন, তা গণতন্ত্রের প্রতি জনগণের সচেতনতার প্রমাণ। তিনি দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে সকল ভোটার ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও জানান, ঢাকা-১৮ আসনের জনগণের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকার অঙ্গীকার করা হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের যেকোনো ইতিবাচক উদ্যোগ এবং ঢাকা-১৮বাসীর কল্যাণে গৃহীত কার্যক্রমে সহযোগিতার প্রতিশ্রুতিও দেওয়া হয়।
বিবৃতিতে জুলাই পরবর্তী বাংলাদেশে পুরনো বন্দোবস্ত যেন পুনরায় মাথাচাড়া দিয়ে না উঠতে পারে—সে লক্ষ্যে নতুন বন্দোবস্তের পথে এগিয়ে যেতে ঢাকা-১৮বাসীকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সৌহার্দ্য, সম্প্রীতি ও শিষ্টাচারভিত্তিক রাজনীতিকে ভবিষ্যৎ পথচলার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়।
শেষে কামরুল হাসান বলেন, অতীতের জুলাই-আগস্ট সময়ে ঢাকা-১৮বাসীর যে ঐক্য গড়ে উঠেছিল, তা ধরে রেখে সকল দল-মত নির্বিশেষে একটি সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ ঢাকা-১৮ গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করা হবে।