
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটাধিকার প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টার অভিযোগ তুলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমান।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তাড়ানগর ইউনিয়নে বিএনপির পার্টি অফিসে আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সভায় আমান উল্লাহ আমান বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে তাঁর প্রতিপক্ষ সহিংসতা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। এতে পুরো নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি মনে করেন। এসব বিষয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
তিনি বলেন, এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের ক্ষমতা দখলের প্রতিযোগিতা নয়; এটি কেরানীগঞ্জের সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। ভোটারদের যেন ভয়ভীতি, হুমকি বা কোনো চাপ ছাড়াই ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কমিশনকে সাংবিধানিক দায়িত্ব পালনের মাধ্যমে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে আমান উল্লাহ আমান বলেন, ভোটের দিন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, যাতে তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন।
ইশতেহারে তিনি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত কেরানীগঞ্জ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে এলাকার অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা আধুনিকায়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফানি ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।