
উত্তরা প্রতিনিধি :ঢাকা–১৮ আসনের অন্তর্গত খিলক্ষেত থানায় ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন শিল্প উদ্যোক্তা, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এম কফিল উদ্দিন আহমেদ। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এলাকায় গণসংযোগ ও প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় দলীয় সমর্থক ও কর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। প্রচারণায় উপস্থিত নেতারা বলেন, আসন্ন নির্বাচনে দলীয় কার্যক্রম আরও জোরদার করা হবে এবং সাধারণ মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচি চলবে।
খিলক্ষেতের বিভিন্ন পয়েন্টে এ প্রচারণা ঘিরে নেতাকর্মীদের উপস্থিতিতে সরব পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় পর্যায়ে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে এমন গণসংযোগ অব্যাহত থাকবে বলে জানা গেছে।