
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা : ব্যালটের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব—এমন মন্তব্য করেছেন বিএনপির ঢাকা-২ আসনের প্রার্থী আমানউল্লাহ আমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই একমাত্র পথ।
আজ (৪ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমানউল্লাহ আমান।
বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা আর কোনো প্রহসনের নির্বাচন চায় না। জনগণ এখন বাস্তব পরিবর্তন চায়, আর সেই পরিবর্তন ব্যালটের মাধ্যমেই আসবে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে আমানউল্লাহ আমান বলেন, ‘ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে। জনগণের ভোটেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হবে।’
নিজের সময়কার উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, কেরানীগঞ্জে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ, সড়ক উন্নয়ন ও একাধিক সেতু নির্মাণ করা হয়েছে। এর মধ্যে বুড়িগঙ্গার বাবুবাজার সেতু, ওয়াশপুর সেতু এবং হযরতপুরের আলিপুর সেতুর কথা তুলে ধরেন তিনি। এসব উন্নয়ন কর্মকাণ্ডের ফলে এলাকার যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোতে পরিবর্তন এসেছে বলে দাবি করেন তিনি।
বিএনপির রাজনীতির লক্ষ্য সম্পর্কে আমানউল্লাহ আমান বলেন, দলটির রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। জনগণের সমর্থন ও ভালোবাসাই বিএনপির প্রধান শক্তি বলে মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন আদায় করতে পারলেই নির্বাচনে বিজয় নিশ্চিত হবে বলেও জানান তিনি।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।