
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কেরানীগঞ্জসহ ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-১৯ ও ঢাকা-২০—এই পাঁচ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
আজ বুধবার (২১ জানুয়ারী) সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দে বিএনপির প্রার্থীদের মধ্যে ঢাকা-২ আসনে আলহাজ্ব আমান উল্লাহ আমান, ঢাকা-৩ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু এবং ঢাকা-২০ আসনে তমিজ উদ্দিন ধানের শীষ প্রতীক পান।
অন্যদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মধ্যে ঢাকা-১ আসনে ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা-২ আসনে কর্নেল (অব.) আব্দুল হক এবং ঢাকা-৩ আসনে অধ্যক্ষ শাহিনুর ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক গ্রহণ করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এবার ঢাকা-১ আসনে ৬ জন, ঢাকা-২ আসনে ৩ জন, ঢাকা-৩ আসনে ৮ জন, ঢাকা-১৯ আসনে ৮ জন এবং ঢাকা-২০ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক মো. রেজাউল করিম প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।