
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : বিএনপির প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক। আমানউল্লাহ আমান বলেন, দল-মত নির্বিশেষে লক্ষাধিক মানুষের এই দোয়া মাহফিলে অংশগ্রহণই প্রমাণ করে বেগম খালেদা জিয়া কতটা জনপ্রিয় ছিলেন। তার জানাজায় কোটি মানুষের উপস্থিতি, জনতার ঢল ও ভালোবাসার বহিঃপ্রকাশ প্রমাণ করে তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তিনি ছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এবং গণতন্ত্রের মা।
আজ শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের বামুনসুর খেলার মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য জনাব আমানউল্লাহ আমান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আমানউল্লাহ আমান বলেন, “বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। আল্লাহ তায়ালার রহমতে এবার জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি জয়লাভ করবে এবং তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব নেবেন।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের অনেক ছোট নেতা চিকিৎসার জন্য বিদেশে যেতে পারলেও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ন্যূনতম চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, একজন বীর উত্তমের স্ত্রী, একজন সেনাপ্রধান ও রাষ্ট্রপ্রধানের স্ত্রী হয়েও তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।”
বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন আপসহীন নেতৃত্ব, সাহস ও দেশপ্রেমের এক উজ্জ্বল প্রতীক। গণতন্ত্রের জন্য তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, “দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে হবে। খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবে না। তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন এবং চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, দপ্তর সম্পাদক মো. সাইদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।