
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : ঢাকার কেরানীগঞ্জে গণভোট প্রদান বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম। তিনি বলেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য রাখতে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে যদি কারও কোনো সমস্যা, উদ্বেগ বা গঠনমূলক মতামত থাকে, তাহলে তা প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণই একটি বিশ্বাসযোগ্য ও সফল ভোট আয়োজনের মূল ভিত্তি। প্রশাসন সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের আস্থাভাজন ভোট আয়োজন নিশ্চিত করতে বদ্ধপরিকর। এতে সকলের সমান অধিকার, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখাই মূল লক্ষ্য।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব হোসেন, কেরানীগঞ্জ মডেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার কর্নেল খালেদ, কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এবং কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম।
এ ছাড়াও সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।