
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : কেরানীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের ঝাউচর এলাকায় মন্নাফ বেপারী জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক স্বতন্ত্র প্রার্থী জনতার চেয়ারম্যান সজিব বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, কেরানীগঞ্জের উন্নয়নের ভিত্তি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই শুরু হয়েছিল। এ এলাকার মানুষের কল্যাণে তিনি সবসময় ভূমিকা রেখেছেন। কেরানীগঞ্জকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, শাক্তা যুবদলের সভাপতি শাহাদাত হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে জনতার চেয়ারম্যান সজিব বেপারীর অর্থায়নে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।