
উত্তরা প্রতিনিধি: ঢাকা-১৮ সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মোঃ জাকির হোসেন মৃধা নির্বাচনী মাঠে নামছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোঃ জাকির হোসেন মৃধার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে ভোটের মাঠে প্রচার-প্রচারণা শুরু করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।
মনোনয়ন বৈধতা পাওয়ার পর থেকেই ঢাকা-১৮ আসনে মোঃ জাকির হোসেন মৃধাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে, তৈরি হচ্ছে উৎসবমুখর পরিবেশ। জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
ঢাকা-১৮ আসনটি তুরাগ, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, খিলক্ষেত ও ভাটারা—এই সাতটি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত। জনবহুল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনে শক্ত অবস্থান গড়ে তুলতে জাতীয় পার্টি শুরু করেছে সংগঠিত কর্মপরিকল্পনা। প্রচার কার্যক্রমকে গতিশীল করতে গণসংযোগ, পথসভা, মতবিনিময় সভা এবং কর্মীসভা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বাচনী প্রচারে সক্রিয় করার প্রক্রিয়া চলছে। ওয়ার্ড ও থানা পর্যায়ে সভা, আলোচনা এবং সাংগঠনিক বৈঠকের মাধ্যমে মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করা হচ্ছে। দলীয় ফোরামগুলোতে চলছে কৌশলগত আলোচনা, যাতে ভোটারদের কাছে প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়া যায় আরও কার্যকরভাবে।
নেতাকর্মীদের প্রত্যাশা, মোঃ জাকির হোসেন মৃধার নেতৃত্বে ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির প্রচারণা হবে জমজমাট ও প্রাণবন্ত। আসন্ন নির্বাচনে লাঙ্গল প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা।