
নিজস্ব প্রতিবেদক : কোরআন ও সুন্নাতভিত্তিক দাওয়াতি কার্যক্রম পরিচালনাকারী আন্তর্জাতিক, অরাজনৈতিক ও ত্বরিকতপন্থী সংগঠন দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও রাজধানী ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী সুন্নাতে ভরা ইজতিমা। আজ বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা (আশিয়ান সিটি) এলাকায় অবস্থিত ইজতিমা ময়দানে এই মহতী আয়োজনের সূচনা হয়। ইজতিমাটি আগামী শুক্রবার বাদ জুময়া আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
প্রায় একশ একর বিস্তৃত ইজতিমা ময়দানে আল্লাহ তাআলার রহমতে দেশ-বিদেশ থেকে আগত লক্ষ লক্ষ আশিকে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। ইজতিমা ময়দানে মুসল্লিদের সার্বিক সুবিধার্থে শত শত অস্থায়ী টয়লেট, ওযুখানা, জেলা ভিত্তিক পাকঘরসহ প্রয়োজনীয় বিভিন্ন স্থাপনা প্রস্তুত করা হয়েছে।
ইজতিমার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পাঁচটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ইবাদত ও দাওয়াতি কার্যক্রমে অংশ নিতে পারেন। দাওয়াতে ইসলামীর শিক্ষা বোর্ড ও মিডিয়া বিভাগের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন, “আমরা আশা করছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো মুসল্লির অংশগ্রহণে এ বছরও শান্তিপূর্ণভাবে ইজতিমা সম্পন্ন হবে। শুক্রবার বাদ জুময়া আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের এই সুন্নাতে ভরা ইজতিমার সমাপ্তি ঘটবে, ইনশাআল্লাহ।”
এদিকে ইজতিমা কমিটির জিম্মাদার জনাব মুহাম্মদ কামাল আত্তারী, দাওয়াতে ইসলামী বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল হক কাদেরীসহ অন্যান্য দায়িত্বশীলগণ আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য দেশবাসীর প্রতি সর্বাত্মক আহ্বান জানিয়েছেন।