
অরুণ কুমার সরকার, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীকে নৈতিকতা, ধর্মীয় চেতনা, শিক্ষার আলো ও ভ্রাতৃত্বের বন্ধনে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান জামায়াতে ইসলামীর সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল ইসলাম।
তিনি বলেন, “একটা এলাকা উন্নত হয় শুধু রাস্তাঘাট দিয়ে নয়—উন্নত হয় মানুষের নৈতিকতা, শিক্ষার আলো, ধর্মীয় চেতনা, শান্তি ও ভ্রাতৃত্বে। তাই চিতলমারীকে নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের আলোয় আলোকিত করা আমাদের দায়িত্ব। এজন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে আড়ুয়াবর্নী চরপাড়াস্থ আহলেহাদীছ মাদরাসা ও ইয়াতীমখানার ৩২তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শেখ কামরুল ইসলাম আরও বলেন, “আজকের এই পবিত্র মাহফিলে আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি সম্মানিত। আমি এই গ্রামের মরহুম মোহাম্মদ রোকন উদ্দিন শেখের ছেলে। তিনি ছিলেন চিন্তাশীল, মানবিক ও সমাজসেবামুখী মানুষ। মানুষের সেবায় যিনি সারাজীবন কাজ করেছেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন—আমিন।”
ব্যবসার কারণে দীর্ঘদিন চট্টগ্রামে অবস্থান করলেও চিতলমারীর প্রতি নিজের অন্তরের টান সবসময় অটুট বলে মন্তব্য করেন তিনি। “পদ-পদবি, সম্পদ, পরিচয়—এসব ক্ষণস্থায়ী। স্থায়ী হলো মানুষের প্রতি ভালোবাসা, নীতি, সৎচরিত্র ও সৎকর্ম। দূরে থাকলেও আমার মন সবসময় এখানকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে জড়িয়ে আছে।”
মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন,
“আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এই অঞ্চলের কল্যাণ, শান্তি এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়েত দিন।”
ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম আহমাদ আলী রহমানী এবং পরিচালনা করেন শিক্ষক শাইখ মোহাম্মদ উল্লাহ খান