
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় এবং ভালুকা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার ভালুকা উপজেলার মেদিলা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(২) ও ৮(৩) লঙ্ঘন করে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে মেসার্স সপ্না ব্রিকস নামক ইটভাটাটি চিমনি ও দেয়ালসহ সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ইটভাটার সকল কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনায় ময়মনসিংহ জেলা পুলিশ, ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করে।
প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।