
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা এলাকায় ২৫ নভেম্বর, মঙ্গলবার রশিদ গ্রুপের উদ্যোগে ঢাকা-১৮ আসনের ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বাজার মালিক ও শপিং কমপ্লেক্স প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, হকার ব্যবস্থাপনা এবং চাঁদাবাজি প্রতিরোধ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সভার সভাপতিত্ব করেন রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।
ব্যবসায়ীরা তাদের সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন। বক্তব্য দেন বৃহত্তর ফায়দাবাদ মালিক সমিতির কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, আবাবিল ইন্টারন্যাশনালের মালিক আবদুল মান্নান, আর কে টাওয়ার ও সাইদ গ্র্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি, জমজম টাওয়ারের সভাপতি জুনায়েদ তারেক, এইচএম প্লাজার সাধারণ সম্পাদক বাবুল, ব্যবসায়ী শহীদুল ইসলাম বাবু, বেলী কমপ্লেক্সের সভাপতি লিটুসহ আরও অনেকে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন। তিনি রশিদ গ্রুপের সামাজিক ও ব্যবসাবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং উত্তরার ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে তাদের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
প্রধান আলোচক এম কফিল উদ্দিন আহমেদ ঘোষণা দেন, ঢাকা-১৮ হবে চাঁদাবাজিমুক্ত ও হকারমুক্ত আধুনিক ব্যবসাবান্ধব এলাকা। তিনি জানান, ফুটপাত দখল বন্ধ করা হবে এবং হকারদের জন্য আলাদা নির্ধারিত স্থানের ব্যবস্থা থাকবে। ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কঠোর ও স্বচ্ছ পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “চাঁদাবাজির দেশ এটা না। ঢাকা উত্তরে কোনো চাঁদাবাজি চলবে না।”
এবং উল্লেখ করেন, “৫ আগস্ট ২০২৪–এর আগের সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের মতো। রাজনৈতিক পরিচয় দেখিয়ে ফুটপাত দখল বা চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা ও উন্নত বাণিজ্যিক পরিবেশ তৈরিতে এ মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।