
নিউজ ডেস্ক : ঢাকা-১৮ আসনে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীচক্রের সদস্যকে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর উত্তরার বাংলাদেশ ক্লাবে ফ্লাই স্কুলের আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মত প্রকাশ করেন।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের জন্য বাইরে থেকে কাউকে চাপিয়ে দেওয়া যাবে না। এই এলাকায় যারা দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছেন, তাদের মধ্য থেকেই যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণেই সঠিক নেতৃত্ব নির্বাচন জরুরি বলে তিনি মন্তব্য করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। প্রধান বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন এবং বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।
ফ্লাই স্কুলের উদ্যোগকে স্বাগত জানিয়ে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম তরুণ সমাজের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, “সৃজনশীল যেকোনো উদ্যোগের পাশে আমরা থাকব।”
অনুষ্ঠানে ফ্লাই স্কুলের প্রতিনিধি, ছাত্রছাত্রী, স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।