
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এবং মুক্তাগাছা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) মুক্তাগাছা উপজেলার সাবানিয়া মোড়–কাঠবাওলা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লুবনা আহমেদ লুনা-র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের কারণে মেসার্স মদিনা ব্রিকস নামক ইটভাটার চিমনি ও দেয়াল ভেঙে সম্পূর্ণরূপে অপসারণ করা হয়। পাশাপাশি ভাটার সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় দেখা যায়, ভাটাটি আইনটির ধারা ৫(২) ও ৮(৩) লঙ্ঘন করে জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই এবং নিষিদ্ধ এলাকায় স্থাপন করা হয়েছিল।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন, পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আল মাহমুদ উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনায় মুক্তাগাছা থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।