
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : ঢাকার কেরাণীগঞ্জে দস্যুতা মামলার অন্যতম আসামি মো. শুক্কুর আলী (৩৯)–কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–১০। আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভ্যাঢা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
র্যাব–১০ জানায়, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে কেরাণীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় মো. শাকিল ওরফে জুনিয়র শাকিব (২৯)–কে পথরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মারধর ও জখম করা হয়। এ সময় শাকিলের কাছ থেকে একটি রোড ওয়ারলেস মাইক্রোফোন, দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার পর ২২ সেপ্টেম্বর কেরাণীগঞ্জ মডেল থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় একটি মামলা হয় (মামলা নং—৩৪/৩৯১)। তদন্ত কর্মকর্তার অনুরোধে র্যাব–১০ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। আজ দুপুর ১টার দিকে শুভ্যাঢা এলাকা থেকে এজাহারনামীয় আসামি শুক্কুর আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কেরাণীগঞ্জ মডেল থানার পূর্ব বন্দ ডাকপাড়ায়।
গ্রেপ্তারের পর শুক্কুর আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।