
মীর সাজু, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সৎ, দক্ষ ও আদর্শবান প্রার্থীদের পক্ষে কাজ করবে ছাত্রশিবির। তিনি বলেন, “ইসলাম, দেশ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে শিবির দায়িত্বশীল ভূমিকা পালন করবে। দীর্ঘ আদর্শচর্চার মাধ্যমেই আদর্শিক জাগরণ তৈরি হয়, আর সেই ভিত্তিতেই আগামী বাংলাদেশ গড়ে উঠবে।”
মঙ্গলবার ভোলার চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে জেলা শাখার আয়োজিত উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবির কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “অন্যায় কখনো ব্যক্তিগত পরিচয়ে ঢেকে রাখা যায় না। আল্লাহভীতি থাকলেই মানুষ অন্যায় থেকে বেঁচে থাকতে পারে। তাই নিজেদের সর্বদা ন্যায়ের পথে অবিচল থাকতে হবে।”
শিক্ষা সংস্কার বিষয়ে তিনি বলেন, “ছাত্রশিবির সরকারের কাছে ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাব দিয়েছে, কিন্তু সরকার এ বিষয়ে কোন উদ্যোগ দেখায়নি। তাদের মনোযোগ কাকে ক্ষমতায় আনা হবে তা নিয়েই বেশি। অথচ শিক্ষা ব্যবস্থার উন্নয়নই দেশের ভবিষ্যৎ ঠিক করে দেয়।” তিনি দাবি করেন, এই ৩০ দফা বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের শিক্ষা কাঠামো উন্নত দেশগুলোকেও ছাড়িয়ে যেতে সক্ষম হবে।
কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, শিবিরের প্রতিনিধিদের সময়ের সঠিক ব্যবহার, পরিশ্রম ও আল্লাহর সাহায্য কামনার মাধ্যমে জীবনে সফলতা অর্জন করতে হবে। তিনি ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনে শিবিরের ঐতিহাসিক বিজয়ের কথা উল্লেখ করে বলেন, ধৈর্য ও সাহসের সঙ্গে দ্বীনের কাজ করলে আল্লাহ বিজয় দান করেন।
সভায় ভোলা জেলা শিবিরের সভাপতি জসিমউদ্দীন সভাপতিত্ব করেন এবং জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল জায়েদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন—ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, ভোলা-৩ আসনের বিএনডিপি মহাসচিব নিজামুল হক নাঈম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, অ্যাডভোকেট এনামুল হক রায়হান, এডভোকেট মহিববুল্লাহসহ সাবেক এবং বর্তমান শিবির নেতৃবৃন্দ।
চরফ্যাশনের বিভিন্ন এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের সহস্রাধিক প্রতিনিধি সমাবেশে অংশগ্রহণ করেন।