
উত্তরা প্রতিনিধি : ঢাকা-১৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, “আমার ভাই যদি এমন কোনো অপরাধ করে যাতে দলের একচুল পরিমাণ ক্ষতি হয়, আমি কিন্তু ভাই চিনবো না।”
সোমবার সকালে নিজ বাসভবনে ৪৪ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের সঙ্গে বিজয়-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি দলীয় নেতাকর্মীদের অপকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজ কেউ করতে পারবে না। সবাইকে বৈধ ব্যবসা ও স্বচ্ছ কর্মকাণ্ডে যুক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবৈধ কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে দলীয় পরিচয় বিবেচনা না করেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক বিচার ও সালিশ কম করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে প্রচলিত আইন রয়েছে এবং আইনের মাধ্যমেই সব সমস্যার সমাধান হওয়া উচিত। অন্যথায় সরাসরি তার কাছে আসার পরামর্শ দেন তিনি। এলাকাভিত্তিক বিচার নিয়ে সতর্ক করে দিয়ে বলেন, এতে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার আশঙ্কা থাকে এবং মানুষের মধ্যে ভুল বার্তা যেতে পারে।
সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন, তার দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে সরাসরি তাকে জানাতে। অভিযোগের পক্ষে প্রমাণ পেলে তিনি নিজেই মামলা করবেন বলেও জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আগে থানায় বিচার পেতেন না—এখন বিচার পেতে হবে।” দলীয় নেতাকর্মীদের অপ্রয়োজনে থানায় অবস্থান না করে নিজ নিজ সাংগঠনিক ও সামাজিক দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, এলাকার জরুরি উন্নয়নকাজগুলো স্থানীয় জনগণের পরামর্শ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। মানুষের সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
সবশেষে তিনি বলেন, দলের চেয়ারম্যান ও জনগণ যেভাবে রাজনীতি দেখতে চায়—সেভাবেই রাজনীতি করা হবে। “ভালো-মন্দ মিলিয়েই দল। আমরা ভালোটা রাখবো, খারাপটা পরিহার করবো। যারা খারাপ পথে যেতে চান, তাদের ভালো হয়ে যাওয়ার আহ্বান জানাই—আমরা পাশে থেকে সহযোগিতা করবো,”—বলেন