
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলার সব ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ (২৮ জানুয়ারী) বুধবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।
সভায় জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেরানীগঞ্জ উপজেলার মোট ২২১টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি ভোটগ্রহণ চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রগুলোর ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনসহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোচনায় বক্তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা গুজব ছড়ানোর চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এ লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি নির্বাচনকালীন সময়ে সব পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় অংশীজনদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, নির্বাচন সামনে রেখে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।