
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা : ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, ষড়যন্ত্র, চক্রান্ত ও হত্যার মাধ্যমে নির্বাচন বন্ধ করা যাবে না। জনগণের আন্দোলনের মধ্য দিয়েই ভোটের অধিকার অর্জিত হয়েছে, তাই আসন্ন নির্বাচনে ভোট দিতে মানুষের আগ্রহ বেড়েছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, একটি কুচক্রী মহল দেশে ও বিদেশে বসে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তবে কোনো ষড়যন্ত্রই নির্বাচন বন্ধ করতে পারবে না। নির্ধারিত সময় অনুযায়ী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনী বক্তব্যে উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, তাঁর সময়ে কেরানীগঞ্জে একাধিক সেতু নির্মাণ করা হয়েছে। বুড়িগঙ্গার বাবুবাজার ব্রিজ, ওয়াশপুর ব্রিজ, হযরতপুরের আলিপুর ব্রিজসহ বিভিন্ন ইউনিয়নে সড়ক ও ব্রিজ নির্মাণের কথা উল্লেখ করেন তিনি। একসময় কেরানীগঞ্জের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ছিল না বলেও জানান আমান। তাঁর দাবি, বিএনপি সরকারের আমলেই সেখানে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়।
সম্প্রতি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আমানউল্লাহ আমান বলেন, নির্বাচন বন্ধ করতেই সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করেছে। এই ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
আগামী নির্বাচনে জনগণের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমান বলেন, নির্বাচিত হতে পারলে ঢাকা-২ আসনকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবেন।