
উত্তরা প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর সিটির ৫০ নম্বর ওয়ার্ডের দক্ষিণখান থানাধীন মুন্সি মার্কেট এলাকায় আয়োজিত একটি কথিত “শিশু আনন্দ মেলা” ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি নিয়মনীতি ও পুলিশের অনুমতি ছাড়াই বিশাল পরিসরে মেলার আয়োজন করা হয়েছে, যা যে কোনো সময় বড় ধরনের সহিংস ঘটনায় রূপ নিতে পারে।
স্থানীয়দের দাবি, মেলা মাঠে নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কিশোর গ্যাংয়ের মহড়া, চাঁদাবাজি এবং একাধিক বিভক্ত গ্রুপের তৎপরতায় এলাকাটি কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসব গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে যে কোনো মুহূর্তে রক্তাক্ত সংঘর্ষ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। মেলা কেন্দ্র করে সার্বিক নিরাপত্তাহীনতা ও অস্থিরতা বিরাজ করছে বলেও অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দক্ষিণখান থানা পুলিশের একটি টিম মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এসআই রশিদের নেতৃত্বে পুলিশের ওই টিম রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত মেলা এলাকায় অবস্থান করে এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করে মেলা বন্ধ করার নির্দেশ দেন বলে জানা গেছে। মেলার মাঠের নিকটবর্তী এক দোকানদার মামুন জানান, “এই মেলাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। এলাকায় কিশোর গ্যাং, সন্ত্রাসী চক্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আনাগোনা বাড়ছে। মেলা কমিটির সঙ্গে কথা বলতে এলেও তাদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না।” তিনি আরও বলেন, শিশু আনন্দ মেলার নামে বিশাল এলাকা জুড়ে আয়োজন করা হলেও মেলায় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, মেলায় নেই পর্যাপ্ত স্বেচ্ছাসেবক, নেই সিসি ক্যামেরা বা নিরাপত্তাকর্মী। বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের ঝুঁকিপূর্ণ মেলা আয়োজন জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে বলে মনে করছেন সচেতন মহল।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও মেলার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।