
খন্দকার আউয়াল হোসেন, জেলা রিপোর্টার টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৪টায় ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন পুরাতন সাব-রেজিস্ট্রি অফিসের পাশে এই কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা শাখার আমীর আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমীর মোঃ আহসান হাবীব মাসুদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের টাঙ্গাইল জেলা সেক্রেটারি ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তালীমুল কুরআন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. মাওলানা আতাউর রহমান, ওলামা বিভাগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সালাম, সাবেক উপজেলা আমীর আব্দুস সালাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ রবিউল ইসলাম, পৌরসভা শাখার আমীর মাওলানা শাহজাহান সরকার, যুব বিভাগের উপজেলা সভাপতি মোঃ নূরুর রহমান তালুকদার সেলিম, এবং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত এবং ‘নারায়ে তাকবীর’ ধ্বনির মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। এরপর একটি শোভাযাত্রা বের করা হয় যা ভূঞাপুর বাজার ও আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় কার্যালয়ে ফিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ইসলামী মূল্যবোধ ও আদর্শের ভিত্তিতে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথি মোঃ আহসান হাবীব মাসুদ বলেন, দীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাসূলুল্লাহ (সা.)-এর জীবনই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। বিশেষ অতিথি মাওলানা মোঃ হুমায়ুন কবির সকল নেতা-কর্মী ও স্থানীয় জনতাকে ধন্যবাদ জানিয়ে নির্বাচনী সাফল্যের জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি স্থানীয় জনগণ ও নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে এবং নতুন কার্যালয়কে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।