
নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক পরীক্ষার ভিত্তিতে তাঁর শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, তবে তিনি স্থিতিশীল রয়েছেন। গত ২৩ নভেম্বর রবিবার সন্ধ্যায় শারীরিক জটিলতা দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক ও উত্তরা জোন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হেলাল তালুকদার। ২৪ নভেম্বর সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।
হেলাল তালুকদার বলেন, “বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশকে সঠিক পথ দেখানোর সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি।”
তিনি আরও অভিযোগ করে বলেন, “বিগত সরকার আমাদের নেত্রীকে যথাযথ চিকিৎসা নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছে। দীর্ঘ সময় তাঁকে কারাগারে আটকে রাখা হয়েছিল, যা তাঁর শারীরিক অবস্থার অবনতিতে ভূমিকা রেখেছে।”
নিজের আবেগ প্রকাশ করে তিনি বলেন, “আজ আমাদের প্রিয় নেত্রী গুরুতর অসুস্থ। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন তাঁকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন। দেশবাসীর নিকট অনুরোধ, সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করবেন।”
বিএনপি নেত্রী খালেদা জিয়ার অসুস্থতার খবরে স্থানীয় থেকে কেন্দ্রীয়—দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়াতেও অনেকেই তাঁর সুস্থতা কামনায় দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। দলীয় সূত্র জানায়, তাঁর চিকিৎসা প্রক্রিয়া আরও কিছুদিন চলতে পারে এবং চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।