নিউজ ডেস্ক : মাঘ মাসেই যদি কারও মাথা গরম হয়ে যায়, তাহলে গরমকালে কী করবেন—এমন প্রশ্ন তুলে অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, অন্যায় করলে কাউকেই কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
রবিবার রাত ৮টায় রাজধানীর মিরপুরের ১৩ নম্বর ওয়ার্ডের পীরেরবাগ কাঁচা বাজার এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এখন মাঘ মাস। এখনই যদি কারও ধৈর্য না থাকে, মাথা গরম হয়ে যায়, তাহলে সামনে আরও কঠিন সময়ে রাষ্ট্র পরিচালনা কীভাবে সম্ভব হবে? ধৈর্য ও সহনশীলতা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা যায় না।”
তিনি আরও বলেন, জনগণের জানমাল, সম্মান ও অধিকার রক্ষাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। যারা ক্ষমতার অপব্যবহার করে অন্যায়, দুর্নীতি ও জুলুমে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বলেন, ইসলাম ন্যায়বিচার ও ইনসাফের শিক্ষা দেয়। এই নীতির আলোকে দেশ পরিচালিত হলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও সুবিচার প্রতিষ্ঠিত হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, উত্তেজনা নয়—শালীনতা, দায়িত্বশীলতা ও ভদ্র আচরণের মাধ্যমে জনগণের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে হবে। “আমাদের আচরণেই প্রমাণ হবে আমরা কেমন বাংলাদেশ গড়তে চাই। কথায় নয়, কাজে ন্যায় ও সততার পরিচয় দিতে হবে,”—জোর দিয়ে বলেন তিনি।
পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য ডা. মোবারক হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, মিরপুর পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমীর শাহ আলম তুহিন, থানা সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদীসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।
পথসভায় কয়েক হাজার নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতি ছিল।