নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় সৌহার্দ্য, পরিবর্তন ও শান্তির অঙ্গীকার ধারণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে এক বিশাল মিছিল বের করেন। মিছিলে চারটি সংগঠনের নেতাকর্মীরা শৃঙ্খলাপূর্ণভাবে সারিবদ্ধ হয়ে অংশ নেন।
মিছিলটি নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সাগীর। স্বেচ্ছাসেবক দলের পক্ষে নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয়। যুবদলের পক্ষে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল, আর ছাত্রদলের পক্ষে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আওয়াল ভূঁইয়া রবি।
নেতৃবৃন্দ জানান, তারা দেশের রাজনীতিতে সৌহার্দ্য, পরিবর্তন ও শান্তির বার্তাকে প্রতিষ্ঠিত করতে মাঠে রয়েছেন।
হাফিজুর রহমান সাগীর বলেন, “তৃণমূলের অনেক নেতা-কর্মী পদ ও পরিচয়হীন অবস্থায় আছেন। তাদের ন্যায্য প্রাপ্য আদায়ের দাবিতে আমরা অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি।”
স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তফা কামাল হৃদয় বলেন,
“ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পরিবর্তন ও পরিচ্ছন্ন রাজনীতির কথা বলছেন, সেটিকে ধারণ করে আমরা মানুষের জন্য কাজ করছি।”
যুবদল নেতা মেহেদী হাসান রুয়েল বলেন,
“মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা ফিরিয়ে আনতেই আমরা পরিবর্তনের রাজনীতি করি এবং সে অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছি।”
ছাত্রদল নেতা রবিউল আওয়াল ভূঁইয়া রবি বলেন,
“আমরা একটি সৌহার্দ্যময়, শান্তিপূর্ণ ও পরিবর্তনের বাংলাদেশ চাই। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশ বাস্তবায়িত হবে।”
মিছিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বড় তিনটি ছবি ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি ছিল না। কোনো নেতার নামে স্লোগানও দেওয়া হয়নি। তিনটি ভ্যানে তিনটি পৃথক প্ল্যাকার্ডে লেখা ছিল— “Change Yourself to Change Bangladesh”।
বিএনপি ও বাংলাদেশ জাতীয় পতাকায় সজ্জিত এই মিছিলে কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।