উত্তরা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আশরাফুল হকের নির্বাচন পরিচালনা বিষয়ে একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, স্থানীয় অডিটোরিয়ামে আয়োজিত এই মিটিংয়ে ভোট কেন্দ্র কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মিটিংটি পরিচালনা করেন উত্তরা পশ্চিম থানা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফিরোজ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য এবং উত্তরা পশ্চিম থানা আমির মো. মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা নির্বাচন পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন খান,থানা অর্থ সম্পাদক এম. এইচ. সোহেল রানা,আবু সাঈদ,তারেক হাসান,১১ নং সেক্টর মসজিদের সেক্রেটারি হাজী আরব আলী,আবু হাসানসহ স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সফলতা অর্জনের জন্য প্রতিটি ভোটারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা জরুরি। পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু ও কার্যকর করতে কেন্দ্রভিত্তিক কার্যক্রম আরও সক্রিয় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মিটিং শেষে নেতৃবৃন্দ সংগঠনের প্রচার-প্রচারণা ও মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।